প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আগুন লাগার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বাস্তবে সেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দিতে ফায়ার ড্রিল চলছিল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন খাঁন।
তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে হাতে–কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে কৃত্রিম আগুন ও ধোঁয়া তৈরি করা হয়। দুপুর ১টার দিকে প্রায় ২০ মিনিট ধরে এই প্র্যাকটিক্যাল সেশন পরিচালিত হয়।
জাকির হোসেন বলেন, “ফায়ার ড্রিলের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ভেবেছেন বিটিআরসিতে আগুন লেগেছে। আসলে এটি ছিল নিয়মিত প্রশিক্ষণের অংশ, আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
তিনি আরও জানান, অফিসের সবাইকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে