প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:২১ পিএম

আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। তবে সিনেমা মুক্তির আগেই ছোট পর্দায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন রুক্মিণী।
সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি অংশ নিয়েছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোতে রুক্মিণীর উপস্থিতি মানেই দর্শকদের জন্য বাড়তি বিনোদন।
ভারতীয় গণমাধ্যম জানায়, বিশেষ এই পর্বটি আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে। নাচ, গান আর আড্ডায় ভরপুর এই এপিসোডে রুক্মিণীর সঙ্গে থাকবেন ছোট পর্দার পরিচিত মুখ—স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার।
ইতোমধ্যে প্রকাশিত প্রোমোতে দেখা গেছে রুক্মিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার প্রাণবন্ত অংশগ্রহণ মুগ্ধ করেছে দর্শক ও উপস্থিত সবাইকে।
গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার নিয়ে আলোচনা চলছে ইতোমধ্যেই। শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’র ছায়া অনুভব করলেও চলচ্চিত্রটির গল্প বলছে এক ভিন্ন কথা—বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের নিজস্ব সত্তার অনুসন্ধানই এর মূল বিষয়।
মুক্তির আগমুহূর্তে রুক্মিণীর এই ছোট পর্দার উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে