বাংলাদেশ ও বিশ্বব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বরগুনার তালতলীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বরগুনার তালতলী উপজেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর- এই তিন নদ-নদীর মোহনায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচিতে অর্ধশত জেলে ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, ইউপি সদস্য সহিদ আকন, উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, মো. নাঈম ইসলাম, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।
বক্তারা বলেন, “জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস। শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরো বাড়ছে। বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে নদীতে ইলিশ মাছ কমে যাচ্ছে। এছাড়া নির্গত কালো ধোঁয়ায় সওদাগপাড়া সবজি পল্লী ও টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।”
বক্তারা আরো বলেন, “বাংলাদেশ ও বিশ্বব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে। অবিলম্বে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ বাংলাদেশের সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা যেনো টিকে থাকতে পারি সে উদ্যোগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।”