প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মোঃ নূরনবী, মেডিকেল টেকনোলজিস্ট (লাব) মোঃ গোলাম সারোয়ার জাহান, ডেন্টাল টেকনোলজিস্ট এম.এম ওলিউল্লাহ রুহান, মেডিকেল টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং) মোঃ সাজু রায়হান, ফার্মাসিস্ট মোঃ রকিবুল ইসলাম, রুবেল আহমেদ, রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন, যা চিকিৎসার মূল ভিত্তি। একইভাবে ফার্মাসিস্টরা ঔষধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশী সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যান্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলে উল্লেখ করেন তারা। এরপরও দীর্ঘদিন ধরে তারা নিম্ন গ্রেডে কাজ করে আসছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর