মেলান্দহে গোদা ডাঙার বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকার গোদা ডাঙার বিলের ইজারা বাতিল করে বিলটি উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবী পরিবারগুলো।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরের বিলের তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ফুলকোচা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং ইউনিয়ন ভূমি অফিসের পাশে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন মৎস্যজীবী পরিবারের প্রতিনিধি দুলাল মিয়া, দুদু মিয়া, শফিকুল ইসলাম, সাবান আলীসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে স্থানীয় মৎস্যজীবীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু প্রভাবশালী মহল বিলটি দখলে রেখেছে। ইজারার নামে অবৈধ দখল বজায় রাখতেই তারা নানা কৌশল নেয়। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনাও ঘটেছে। এমনকি অতীতে খুনের ঘটনাও সংঘটিত হয়েছে।
তাদের দাবি- ৫ আগস্টের পর থেকেই স্থানীয়রা বিলটি উন্মুক্ত ঘোষণার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি বিএনপি নামধারী কয়েকজন ব্যক্তি বিলটি নিজেদের আয়ত্তে নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ১৬.২০ একর আয়তনের গোদা ডাঙার বিলটি সরকারিভাবে মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া থাকে। তবে সমিতির ইজারা নেওয়ার পর নানা প্রভাবশালী গোষ্ঠীর কাছে সাব-লিজ দিয়ে বিল দখলের একটি অঘোষিত ‘রেওয়াজ’ তৈরি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এমনকি বিলে গোসল করতে গেলেও মাছ ধরার অভিযোগে মামলা-হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
বিএনপির নামধারীদের বিরুদ্ধে দখলচেষ্টার বিষয়ে জানতে চাইলে মেলান্দহ বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “বিল নিয়ে বিরোধ অনেক পুরোনো। আসলে যারা ইজারাদার- তাদের পক্ষ থেকে কোনো দখল বা অনিয়ম হচ্ছে কি না সেটাই খতিয়ে দেখার বিষয়।”
মেলান্দহের ইউএনও এস. এম. আলমগীর বলেন, “৪ লাখ ২৬ হাজার ৫৬৩ টাকার বিপরীতে ৬ বছর মেয়াদে গোদা ডাঙার বিলটি আদ্রা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। কয়েকদিন আগে স্থানীয়রা ইজারা নিয়ম ভঙ্গের অভিযোগ দাখিল করেছেন। আগামী জেলা রাজস্ব সভায় বিষয়টি উপস্থাপনের প্রক্রিয়া চলছে।”