প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানে কাজ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সোনাইছড়ির ইউপির নতুনপাড়া পাইয়াঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসনপাড়া এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে রাবারের কষ সংগ্রহ করতে বাগানে প্রবেশ করেন আব্দুল হক। এ সময় হঠাৎ ২-৩টি বন্য হাতি তার সামনে এসে পড়ে। পালানোর চেষ্টা করলেও হাতির ধাক্কায় তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, সোনাইছড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির চলাচল দেখা যায়। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং শ্রমিকরাও ঝুঁকির মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বন্য হাতির আক্রমণে একজন শ্রমিক মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর