যশোর শহরের বাবলা তলায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। সে যশোর কেন্দ্রীয় কারাগারের পিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
আজ বুধবার (১৯ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসির আরাফাত (৫) যশোর শহরতলীর শেখহাটি দক্ষিনপাড়া স্কুল শিক্ষক শাহাবুদ্দিনের ছেলে।
নিহতের পিতা শাহাবুদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ভাই আরাফাতকে (শিষ) সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌড়ে বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানায়।
জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ বাই সাইকেলে করে ছোট ভাই আরাফাতকে স্কুলে নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাক সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায়। এসময় ছোট ভাই আরাফাত ট্রাকের পেছনের চাকার তলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বড় ভাই সাদ বেঁচে যায়। এরপর ছোট ভাইয়ের লাশ রাস্তায় ফেলে বাড়িতে খবর নিয়ে যায় বড় ভাই সাদ। সে যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
আরো জানা যায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে দেড় ঘণ্টা পর। নিহত আরাফাতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।
কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, প্রিজনার্স স্কুলের শিশু শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।