ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য ডিবিতে আনা হয়।
আজ বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এরআগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে নিয়ে যাওয়া হয়।
মিজানুর রহমান সোহেলকে আটকের প্রসঙ্গে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি। তথ্য যাচাইয়ের জন্য তাকে আনা হয়। তার ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল। সে কারণেই তাকে আনা হয়েছিল।”
তিনি আরো জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।