প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:১০ AM

বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা পাকরিহাটা কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভার আয়োজন করেছে ‘বন্ধু ফাউন্ডেশন বন্ধু’।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এ সভায় স্থানীয় কৃষকদের আধুনিক সেচ পদ্ধতি, কৃষি প্রযুক্তি, জৈব সার ব্যবস্থাপনা, সময়মতো চাষাবাদ, ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
ধুনট উপজেলা কৃষি প্রোগ্ৰাম সংগঠক তুহিন ইসলামের সভাপতিত্বে ও ধুনট উপজেলা কৃষি প্রোগ্ৰাম সংগঠক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি হারুনর রশীদ।
সভায় বক্তারা বলেন, “দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। কৃষকরা যদি সচেতন না হয়, তাহলে উৎপাদন ব্যাহত হয়। জমিতে সঠিক পরিমাণে সেচ ও জৈব সার প্রয়োগ করা হলে সল্প খরচে অধিক উৎপাদন পাওয়া সম্ভব হবে। তাই কৃষকের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি।”
আয়োজক সংগঠন ‘বন্ধু ফাউন্ডেশন বন্ধু’ জানায়, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। “বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই সংকট থেকে উত্তরণের জন্য এখনই সবার সচেতন হতে হবে। পানি অপচয় রোধে সেচ বিষয়ে কৃষকদের সচেতন হতে হবে। বোরো মৌসুমে প্রচলিত সেচ পদ্ধতির পরিবর্তে AWD পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালু থাকবে।
স্থানীয় কৃষকরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের সভার আয়োজনের আহ্বান জানান।
এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্ধু ফাউন্ডেশন বন্ধুর ধুনট উপজেলা ফিল্ড এসিস্ট্যান্ট, পাকরিহাটা গ্রামের কৃষক, গৃহিণী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।