প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:১১ AM

যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নতুন শিক্ষক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর থেকে মঙ্গলবার ১৮ নভেম্বর পর্যন্ত আরবপুর দিঘীরপাড় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এই কর্মশালা আয়োজন করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার কৌশল এবং পাঠদানকে শিক্ষাবান্ধব করতে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে এই প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে শিক্ষককে হতে হবে দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও প্রযুক্তি-সমৃদ্ধ।” এসময় তিনি নতুন শিক্ষকদের আত্মনিবেদন, নৈতিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন, “যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।”
এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব মো. গাউসুল আজম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন এস এম মফিজুর রহমান ও আবু হানিফ। এছাড়া প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. সারাফাত হোসেন এবং ডাইরেক্টর অ্যাডমিন মোস্তফা কামাল নবীন শিক্ষকদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর রেজওয়ান হোসেন, এমএআর মশিউর, কুতুব উদ্দিন, হাসানুজ্জামান। তারা বলেন, “নতুন শিক্ষকবৃন্দের যোগদান এবং এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিষ্ঠানের শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করবে।”
যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষকদের জন্য এ ধরনের আধুনিক প্রশিক্ষণ অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।