প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের অভিযোগে’ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ৩১ মে ভোর সাড়ে ৬টার দিকে শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যায়। পরে ১ জুন শাহবাগ থানার এসআই কামাল উদ্দিন মিয়া মামলাটি করেন, যেখানে লাভলু মোল্লাহকে আসামি করা হয়।
সম্প্রতি জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লাহ।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে তার বাসার সামনে জড়ো হন ঢাবির শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, শেখ হাসিনার রায়ের পর লাভলু মোল্লাহ ফেসবুকে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। সে কারণেই তাকে সেদিন রাতে হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও জানান, কিছুদিন আগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের প্রমাণের ভিত্তিতেই লাভলুকে গ্রেফতার করা হয়েছে।