প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে ‘গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্স’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতের বেলায় দোকানের পিছনের একটি রুমে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দরজার ফাঁকা দিয়ে ধোঁয়া দেখতে পান। দ্রুত বাজারে এসে দেখেন তার গোডাউন আগুনে দাউ দাউ করে জ্বলছে। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাতেই এসে আগুন নির্বাপণ করেন।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে তার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি পাশের একটি স্বর্ণের দোকানেরও সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। “আমি এখন নিঃস্ব হয়ে গেছি”—যোগ করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
আজ মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ জানান, খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ