প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই প্রত্যাশার কথা জানান।
বৈঠকে শেখ হাসিনার রায় ঘোষণার পর জনমত ও সামগ্রিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনের তারিখ ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। তবে নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেকোনো তারিখ নির্ধারণ করুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিক পরিবেশ শান্ত আছে। কেউ পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অপরাধের মাত্রা বাড়ছে না; নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত ১৫ বছরের ‘ফ্যাসিবাদী’ শাসনামলে সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কেরস্টেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।