প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:২৪ পিএম

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।
বিপ্লবের মা পারুল বেগম দাবি করেন, রাত প্রায় দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। তাঁর অভিযোগ, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসে ভুলবশত এ বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে স্থানীয় কিছু সূত্র ও পুলিশ ভিন্ন তথ্য দিয়েছে। তারা জানায়, বিপ্লব নিজেই বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছেন। বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে