প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:৫১ AM

গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্ত্বর থেকে মিছিল শুরু হয়। পরে বটতলায় এসে একটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭বছর জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে জুলুমতন্ত্র কায়েম করেছিল। তারা কখনো সত্য ন্যায়ের পথে থাকতে চায়নি। ২০০৯সালে প্রি-প্ল্যাণ্ড নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে মুজিবীয় কায়দায় বাকশাল কায়েমের চেষ্টা করা হয়েছে। এর পর শাপলা চত্ত্বরে ইসলাম প্রেমিক তৌহিদি জনতার উপর গণহত্যা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ভুলিনি তারা মিথ্যা মামলার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোর্টে শিবিরের সাবেক নেতা ও জামায়েত ইসলামির নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়। খুনি হাসিনার বিচার আমরা তারই ট্রাইবুনালে দেখতে পেলাম। তারা ক্ষমতায় থাকার জন্য গুম খুন করেছে। বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছের ইজারা দিয়েছিল।
ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৩৫বছর তাদের জাবিতে কাজ করতে দেওয়া হয়নি। এ ক্যাম্পাসে কামরুল ইসলাম ভাইকে শহিদ করা হয়েছে। অর্ধশত শিক্ষার্থীকে শিবির করার কারণে ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে। আমরা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। যার মাধ্যমে শিক্ষার্থীরা বেনিফিটেড হবে।
সমাপনী বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, আজকে খুনী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। যারা বিগত সময়ে স্বৈরাচারের রোষে ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয়, কিন্তু যতক্ষন খুনী হাসিনাকে ফাসির কাষ্ঠে ঝুলানো না হবে ততদিন চূড়ান্ত বিজয় আসবেনা।
স্বদেশ প্রতিদিন/ এমএস