প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। চার মাস পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী টিএইচ তোফার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য করা হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে টিএইচ তোফাকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণযোগ্য বিবেচিত হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টিএইচ তোফা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলের কঠিন সময়ে রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং নাশকতাসহ ৯৮টি মামলায় একাধিকবার কারাবরণ করেছেন। পুনর্বহালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে