আমরা সেদিনই শান্তি পাব, যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব: নাহিদ
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হলে তবেই তারা “শান্তি পাবে”।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি সম্মান জানিয়ে তারা রায়কে স্বাগত জানিয়েছেন। তার দাবি, আদালতের সর্বশেষ রায়ে ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দণ্ডিত হয়েছেন। তিনি বলেন, “জুলাই-আগস্টের ন্যায়বিচারের লড়াই আরও এক ধাপ এগোল।”
তিনি আরও দাবি করেন, বিগত ১৬ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ বিভিন্ন ঘটনার জন্য তারা বিচার দাবি করে আসছিলেন। নাহিদ ইসলাম বলেন, “রায় শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক।”
রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দ্রুত দিল্লি থেকে দেশে ফেরত আনার জন্য অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। তিনি জানান, সরকারের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের বিষয়ে তারা অবগত আছেন এবং আশা করেন “তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন।”
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মী, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানান।
আওয়ামী লীগের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আদালতের রায়ে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দায়ী সাব্যস্ত হলেও, এটি দলীয় প্রধান হিসেবে তার ভূমিকারও ইঙ্গিত বহন করে বলে তিনি দাবি করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে