প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ১০:০৫ PM

‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা’—এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী ও সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায় (ইরেসপো) এর আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এবং দুপুর ২টায় বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিআরডিবি উপজেলা কার্যালয় সূত্র জানায়, কিশোরীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে তাদের স্বাবলম্বী করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে কিশোরীদের সচেতন করাও এর অন্যতম লক্ষ্য।
প্রকল্পের আওতায় একজন কিশোরী মাসে ২০০ টাকা করে বছরে ২ হাজার ৪০০ টাকা সঞ্চয় করলে সরকার প্রণোদনা হিসেবে আরও ৪ হাজার ৮০০ টাকা প্রদান করে। অর্থাৎ সঞ্চিত টাকার দ্বিগুণ অর্থ লাভ করে অংশগ্রহণকারীরা। দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন এবং বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের আরও ১০০ জন কিশোরী এই সুবিধা পেয়েছে।
বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নুসরাত নওশীন সুবর্ণা এবং প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
অনুষ্ঠান শেষে কিশোরীদের মধ্যে তাদের সঞ্চিত অর্থের চেক, সরকারি প্রণোদনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে