প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ১২:৩০ এএম

সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ আবু সাঈদের পরিবার। একই সঙ্গে তারা রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী ও অন্য সদস্যরা সাংবাদিকদের বলেন, শুধু রায় ঘোষণা করেই যেন শেষ না হয়, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত কার্যকর করা হোক। মকবুল হোসেন বলেন, “আমার ছেলের হত্যাকারীর ফাঁসি কার্যকর চাই।”
আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলেকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবে না, আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাই রমজান আলী জানান, রায়ে খুশি হলেও দ্রুত কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।
উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ হিসেবে নিহত হন। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।