| শিরোনাম: |

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে বুলডোজার নিয়ে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে পুলিশ ও সেনাবাহিনী। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে ‘রেড জুলাই’ সংগঠনের ব্যানারে দুইটি বুলডোজারসহ কয়েকজন তরুণ ধানমন্ডি ৩২–এ ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর সেনা সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীদের নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হলে একজন সেনা সদস্য আহত হন। তার পায়ের পাতায় রক্তক্ষরণ দেখা যায়।
চাপে পড়ে বিক্ষোভকারীরা পিছু হটলে ধানমন্ডি ৩২-এর প্রবেশপথ দু’দিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আনা দুটি বুলডোজারের একটি ট্রাক থেকেই নামানো যায়নি, আরেকটির চালক বুলডোজার ফেলে পালিয়ে যান।
পরিস্থিতি সাময়িক শান্ত হলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা আবার মিরপুর সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ ও সেনা সদস্যদের কঠোর অবস্থানের কারণে ৩২ নম্বর সড়কে কাউকে দাঁড়াতেও দেওয়া হয়নি। দুপুর ২টার দিকে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলে থাকা রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ওরা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেছি।”
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে তার ছয় মাস পূর্তিতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ থেকে ভবনটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ