প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ হাসিনার ফাঁসির এই রায়ের খবর বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিবিসি, আল জাজিরা, সিএনএন, গার্ডিয়ানসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এটিকে প্রধান খবর হিসেবে তুলে ধরেছে।
বিবিসি শিরোনাম দিয়েছে: “বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন-নিপীড়ন চালানোর দায়ে সাবেক বাংলাদেশি নেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।” খবরটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
আল জাজিরা শিরোনাম করেছে: “মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”
সিএনএন জানিয়েছে: “বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান।”
ভারতের প্রধান সংবাদমাধ্যমও হাসিনার রায়কে অন্য সব খবরের চেয়ে গুরুত্ব দিয়েছে। এনডিটিভি লিখেছে: “মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড।”
ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম শিরোনাম করেছে: “শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড, সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে।”
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। তিনি এখনও সেখানে অবস্থান করছেন।