| শিরোনাম: |

স্পিন সহায়ক পিচ প্রস্তুত করে চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামে ভারত। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৩ রানে আটকে দিয়ে জয়ের সম্ভাবনাও তখন স্বাগতিকদের দিকেই ছিল। কিন্তু শনিবার অধিনায়ক শুভমান গিলের চোটে অবর্তমানে ব্যাটিং শুরু করতেই দুর্ভাগ্যের সূত্রপাত হয় ভারতের।
গিলকে হারিয়ে চতুর্থ ইনিংসে কার্যত ১০ জন ব্যাটার নিয়ে নামতে হয় তাদের। এরপরই মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সাজানো ফাঁদেই ধস নামে ভারতের ব্যাটিং লাইনে।
হারমার ও মহারাজের ঘূর্ণি সামলাতে না পেরে ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানে অলআউট হয় ভারত। এর ফলে ভারতের মাটিতে প্রোটিয়াদের টেস্ট জয়ের দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার ইতি ঘটল। ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুরে গ্রায়েম স্মিথের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা শেষবার ভারতকে হারিয়েছিল। সেই স্মৃতি ফিরল এবারের ম্যাচে।
প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে যখন তার দল অলআউট হয়, তখন তিনি একপ্রান্ত আগলে ৫৫ রানে অপরাজিত ছিলেন—পুরো ম্যাচে কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ইডেন গার্ডেনের ব্যাটসম্যান-বিরোধী উইকেটে আড়াই দিনের মধ্যেই শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই উইকেট নিয়েই গতকাল থেকে ব্যাপক সমালোচনা চলছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
স্বদেশ প্রতিদিন/ আরএফ