প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২৫ AM

সংগৃহীত ছবি
স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোরান মামদানি। তিনি ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে মামদানি এই অনুরোধ জানান।
মামদানি বলেন, “দেশের স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। একসঙ্গে আমরা একটি শক্তশালী বার্তা দিতে পারি। ‘কোনো চুক্তি নেই, কোনো কফিও নেই।’”
স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টারবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরো বড় হতে পারে।
তবে স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, “ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক, কারণ কোম্পানি ইতোমধ্যেই তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে।”
স্টারবাকস আরা বলছে, “কর্মীরা গড়ে প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।”
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট শুরু করছেন।
উল্লেখ্য, কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। এসময় গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। ফলে কম্পানির ওপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।