প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:২০ AM

সংগৃহীত ছবি
রাজধানীর হাজারীবাগ থানা এলাকার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, রাত ১২টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ