প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০০ পিএম

“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানকে ধারণ করে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা আইডিইবি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
র্যালিটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌ. মো. হুমায়ুন কবির, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম। র্যালির শুরুতে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী ও সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।
র্যালি শেষে মুক্তমঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী।
প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌ. মো. হুমায়ুন কবির এবং আইডিইবি’র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. ওয়ারেছ উদ্দিন।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ প্রায় ছয় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে