প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভোলার গ্যাস সংকট সমাধান নির্ভর করছে আগামী নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলের ওপর।
আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং বিসিক মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।
তিনি জানান, বিগত সরকারের সময়ে যারা প্লট বরাদ্দ নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারেন।
আদিলুর রহমান খান আরও বলেন, শিল্পাঞ্চল সচল রাখতে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করা হলে এবং ভোলার গ্যাসকে কার্যকরভাবে ব্যবহার করা গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানা নতুন করে প্রাণ ফিরে পাবে।