রাবিতে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান
বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান।
সম্মেলনের প্রথম দিনে অধ্যাপক মো. সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে।
দুই দিনব্যাপী সম্মেলনে ৩৫টি অ্যাকাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশনসহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস