প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ১২:১৩ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির জাল খারিজ, ডিসিআর ও দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রি করানোর সময় একজন দলিল লেখক আটক করে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে রাণীশংকৈল সাব রেজিস্ট্রার এর কার্যালয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
জানা যায়, রাণীশংকৈলের দলিল লেখক অমল চন্দ্র এক গ্রাহকের জমি বিক্রির জন্য দলিল লেখেন। এবং সব কাগজপত্র ঠিক করে সাব রেজিস্ট্রার এর নিকট নিয়ে যান দলিল পাশ করার জন্য । পরে সাব রেজিস্ট্রার ঐসব কাগজপত্র যাচাই করতে শুরু করলে সব জাল হিসেবে ধরা পরে। পরে বিষয়টি সাব রেজিস্ট্রার নাহিদুল ইসলাম তাতক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈলকে অবগত করলে ওই দলিল লেখককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত দলিল লেখক বলেন জমিটি ছিল রাণীশংকৈল উপজেলার বাংলাগড় মৌজার। এমনকি দাতা গ্রহিতার তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন তথ্য দিতে একটু সময় লাগবে।
এবিষয়ে সাব রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে ফোন রিসিভ করেন নি। এমনকি সাব রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারীও ফোন রিসিভ এমনকি মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন।
রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, প্রতারণার দায়ে দলিল লেখককে জরিমানা করা হয়েছে। তবে জাল কাগজের সম্পর্কে জানতে চাইলে বলেন কম্পিউটার দোকান থেকে এসব কাজ করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকরা বলছেন ওইসব ব্যক্তিদের সাথে সাব রেজিস্ট্রি এবং এসিল্যান্ড অফিসের কিছু অসাধু ব্যক্তিরা সরাসরি জড়িত। এমনকি বাইরের কম্পিউটার দোকানরাও জড়িত। এর আগেও এসব জাল কাগজের ব্যবহারের মাধ্যমেও জমি রেজিস্ট্রি করার নজিরও রয়েছে।
তারা আরও বলছেন, এ কেমন জরিমানা যে এক পক্ষকে করা হলো। শুধু কি জরিমানায় শেষ? এর উৎস কোথায় এবং কারা কারা জড়িত তা বের কর জরুরি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ