প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৭:৩৯ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকায় নাম না থাকলেও মাঠে সক্রিয় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। দলের কর্মসূচি ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে তিনি নিজ উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভরাডোবা ইউনিয়নের পুরুড়া এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাহার এবং সঞ্চালনা করেন ভালুকা উপজেলা কৃষক দল নেতা নাজমুল ইসলাম বাদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, “বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরো উপহার নিয়ে আসব।”
তিনি আরো বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।”
এদিন ভরাডোবা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ জোরদার করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আয়ুব আলী কমান্ডার, সদস্য আলমগীর হোসেন, শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা জুড়ে মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ লক্ষ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/শুভ