প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম

স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়ন থেকে বঞ্চিত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন। প্রায় সাড়ে ১৬ হাজার মানুষের এই ইউনিয়নে মৌলিক অবকাঠামো উন্নয়ন আজও অধরাই রয়ে গেছে।
নামে ১ নম্বর হলেও বাস্তবে উন্নয়নের দিক থেকে ইউনিয়নটি তালিকার একেবারে নিচে। দীর্ঘদিনেও রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে বটতলা বাজার থেকে জমাদ্দার হাট হয়ে কৈখালী বাজার পর্যন্ত সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য।
স্থানীয়রা জানান, মীরা বাড়ির খালের ব্রিজ, মুন্সি বাড়ির খালের ওপর কালভার্ট, ঝালাই বাড়ি খালের আয়রন সেতু এবং দক্ষিণ চেঁচরী মুচির খালের ওপর ব্রিজ এসব স্থাপনা বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
স্বেচ্ছাশ্রমে বাঁশ-কাঠ দিয়ে অস্থায়ী চলাচলের ব্যবস্থা করা হলেও এখনো পর্যন্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অটোরিকশা চালক রাজু হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “কত সরকার আইলো আর গেলো, রাস্তা ঠিক অইল না। মোগো দুঃখ দেহার কেউ নাই।”
দক্ষিণ চেঁচরী গ্রামের ছায়েদ আলী ফকির বলেন, “রাস্তায় নামলে কাদা-পানিতে গোসল দিয়া ঘরে ফিরতে হয়। চলাচল করা কষ্টকর।”
কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যেতে হয়। জানি না, কবে এই রাস্তা আর ব্রিজগুলো ঠিক হবে।”
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ হাতে নেওয়া হবে। আয়রন সেতুর স্থানে বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে