প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক বলেছেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূলভিত্তি। কৃষকের উন্নতিই জাতির সমৃদ্ধির চাবিকাঠি।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি ২০২৫–২৬ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগ্ম সচিব এনামুল হক আরও বলেন, “কৃষকরা শুধু নিজেদের পরিবারের স্বচ্ছলতা আনছেন না, তারা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সরকার কৃষকদের উন্নতমানের বীজ ও সার ব্যবহারে উৎসাহিত করছে, যাতে তারা অধিক ফলন পেতে পারেন। সঠিক পরামর্শ নিয়ে চাষাবাদ করলে কৃষকরা আরও ভালো ফলন অর্জন করবেন।”
অনুষ্ঠানটি উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫৪০ জন কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, খেসারি, ফেলন ও অড়হড়ের উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমীন আক্তারসহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলবায়ু–সহনশীল ফসল এবং সরকারি সহায়তা কার্যক্রমের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
স্বদেশ প্রতিদিন/কেআইকে