প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে বোরো আবাদ সম্প্রসারণ ও কৃষকের উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করে এক অনন্য কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
উদ্বোধনী বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় এই উদ্যোগকে কৃষকদের আত্মনির্ভরতার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় এ বছর ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উচ্চফলনশীল জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৪,১০০ জন কৃষকের জন্য।
তিনি আরও বলেন, “রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বোরো ধান বীজ ও সার সহায়তা প্রদানের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া পারভীন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. তারেক রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/ এমএস