
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ “সিভিল ডে ২০২৫” উদযাপন করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব মো. মহিউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার জনাব ধ্রুব আলম।
প্রধান অতিথি প্রফেসর নাসির উদ্দীন আহম্মেদ বলেন, ইউআইটিএস একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠা করেছেন মানবিক ও শিক্ষানুরাগী একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক চাহিদা অনুযায়ী অ্যাক্রেডিটেশন এখন অত্যন্ত জরুরি, কারণ এটি না থাকলে শিক্ষার্থীদের সনদ অনেক সময় অবমূল্যায়িত হয়। তাই শিক্ষার্থীদের স্বার্থে প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য।
তিনি আরও জানান, দেশে ইতোমধ্যে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশনের আওতায় এসেছে, যার মধ্যে ইউআইটিএস অন্যতম। ইউআইটিএস-এর পাঁচটি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদন করা হয়েছে, যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এই প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন পাবে এবং সবাইকে দেশগড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, এ ধরনের অয়োজনের মাধ্যমেই শিক্ষার্থীরা নিয়মিত ভাবে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিকে স্বাগত ও কৃতজ্ঞতা জানান সেইসাথে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রাশিদুল হাসান।
এ সময় "Transport Planning for Dhaka City and Future Scopes in Transport Sector" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিটিসিএ-এর ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার ডি, এম, গিয়াস মালিক।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে আগত সকল অতিথিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস/ ইকবাল