প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:২৬ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মামলার রায়ের দিন ধার্য সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত যথাযথ সুবিবেচনা প্রয়োগ করবেন, তবে আমাদের পক্ষ থেকে প্রার্থনা, এই অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদান করা হোক।”
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং একাধিক কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ১৭ নভেম্বর (সোমবার) রায় ঘোষণার দিন ধার্য করেন। বিচারিক প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি ২০২৪ সালের ৫ আগস্ট পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হিসেবে দায়ের হয়। চলতি বছরের ১৬ মার্চ আসাদুজ্জামান খানও আসামি হন। প্রসিকিউশন অভিযোগে মোট পাঁচটি ঘটনার বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দেন। এর প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়, যার ফলে প্রায় ১,৫০০ জন নিহত এবং প্রায় ২৫,০০০ জন আহত হন।
অন্য অভিযোগগুলিতে উল্লেখ করা হয়েছে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে নিরীহ-নিরস্ত্র মানুষ হত্যার ঘটনা, এবং আশুলিয়ায় আগুনে পোড়ানোর ঘটনার সাথে শেখ হাসিনা, আসাদুজ্জামান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সম্পৃক্ততা।
প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই মামলায় আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। আমাদের আশা, বিচারিক প্যানেল অপরাধীদের সর্বোচ্চ দায়ের আওতায় সাজা প্রদান করবেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে