প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম

লকডাউনকে কেন্দ্র করে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভোর থেকেই তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে ব্যারিকেড তৈরি করে দেয়, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেয়। পরে আরও অনেকে যোগ দিলে পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্সকে ফেরত পাঠানো হলেও যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “ভোর থেকে ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে