সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:২৯ AM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত এসে চলন্ত অবস্থায় বাসটির গায়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন।


আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। অনেকে জানালা দিয়ে লাফিয়ে নামেন, কেউবা দরজা দিয়ে বেরিয়ে আসেন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।


স্থানীয়রা পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের আসন, জানালা ও মালামাল পুড়ে যায়।


টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হয়নি, তবে বাসটি আংশিকভাবে পুড়ে গেছে।”


এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা জানান, সাম্প্রতিক সময়ে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এতে দীর্ঘপথের যাত্রীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকেই রাতের ভ্রমণ এড়িয়ে চলছেন।


স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছু দাহ্য পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। অপরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।


উল্লেখ্য, এর আগের রাতেও রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে বরিশাল শহরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নারায়ণগঞ্জে একটি অটোরিকশায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে এবং মহাসড়কে টহল জোরদার করেছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close