প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৮:০৪ PM

সংগৃহীত ছবি
কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন উল্লেখ করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে। এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
সব দল একসঙ্গে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের সার্বভৌম, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সব দলকে একসঙ্গে হতে হবে।”
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বক্তব্যের প্রসঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আরেকটি খবর এসেছে- আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে আর কী তুলবেন? বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন।”
উল্লেখ্য, আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে যাচ্ছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’, ‘ঢাকা ব্লকেডসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির নেতারা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস