‘সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর’
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা শনাক্ত করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। তিনি বলেন, সরকারকে এ বিষয়ে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে নেই, তাই সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।
আজ বুধবার (১২ নভেম্বর) তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকের পর এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে কারও কোনো সংশয় নেই। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে। তিনি বলেন, দেশের মানুষ সচেতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে এবং তারা এই নির্বাচনে সক্রিয়ভাবে নজর রাখছে।