প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম

বরগুনার তালতলী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত তালতলী বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ উন্মত্ত হয়ে ওঠা কয়েকটি কুকুর পথচারী ও দোকানিদের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
উদ্বেগের বিষয় হলো, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কুকুর কামড়ের ভ্যাকসিন (Anti Rabies Vaccine) নেই। ফলে আক্রান্তদের নিজ উদ্যোগে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমির বলেন, হাসপাতালে এমন জরুরি ভ্যাকসিন না থাকা চরম উদাসীনতা ও কর্তৃপক্ষের ব্যর্থতা। মানুষ কুকুরের কামড়ে রক্ত ঝরাচ্ছে, অথচ হাসপাতালে শুধু সরবরাহের অপেক্ষা কথাটা শোনা যাচ্ছে। এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।
স্থানীয়দের দাবি, দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের অবহেলার দায় নির্ধারণ করতে হবে। পাশাপাশি বাজার এলাকায় পাগলা কুকুর নিধনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভ্যাকসিনের স্টক শেষ হয়ে গেছে। নতুন সরবরাহের অপেক্ষায় আছি। আপাতত রোগীদের নিজ উদ্যোগে বাইরে থেকে ভ্যাকসিন নিতে হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস