প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:২২ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম গফরগাঁও উপজেলার মশাখালী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজুল ইসলাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ভালুকা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, “নিহতের লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর লাশ হস্তান্তর করা হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে