
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা বান্দরবান এখন দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য। কিন্তু অনিয়মিত পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, এবং গণপরিবহনের বিশৃঙ্খল চলাচলে শহরটি ধীরে ধীরে হারাচ্ছে তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা। দুর্ঘটনা ও যানজটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটন ভাবমূর্তি।
এই পরিস্থিতি মোকাবিলায় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হলো “নিরাপদ সড়ক ও যানজট নিরসন” বিষয়ক মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার।
সভায় ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক, ও স্থানীয় প্রতিনিধিদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “বান্দরবানকে সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব রাখতে হলে সবাইকে আইন মেনে চলতে হবে। পুলিশকে উৎকোচ দিয়ে খুশি করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো পুলিশ সদস্য সুবিধা দাবি করে, সঙ্গে সঙ্গে আমাদের জানান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সরকারের শুল্ক সুবিধা নিয়ে আনা অ্যাম্বুলেন্স নাম্বারের এক্সনুহা গাড়ি অবৈধভাবে যাত্রী পরিবহন করছে — এটা বন্ধ করতে হবে। ডিসেম্বরের মধ্যে এসব গাড়ির কাগজপত্র পরিবর্তন করে অনুমতি নিতে হবে, না হলে বান্দরবানে চলতে দেওয়া হবে না।”
এছাড়া তিনি নির্দেশ দেন, ফুটপাত ও রাস্তা দখল করে ভ্যান বা দোকান বসানো যাবে না। বাজার এলাকায় মালবাহী ট্রাক রাত ৮টা থেকে সকাল ৯টার মধ্যে পণ্য আনা-নেওয়া করতে পারবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাঙ্গু ট্রাভেলস পরিবহনের সাধারণ সম্পাদক আলাউদ্দীন শাহরিয়ার, ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবুল।
আরো উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালেহ, জীপ-মাইক্রো-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি জহির উদ্দিন মাসুম, অটোরিকশা মালিক সমিতির প্রতিনিধি বশির আহমেদ, এবং জীপ-মাইক্রো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে