প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:১৮ AM

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালসংলগ্ন ধোপার নদীর ওপর বন্ধ হয়ে থাকা ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজনে মানববন্ধনে অংশ নেন ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, ধোপার খালে এ ব্রিজের কাজ ২০২১-২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজর ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে। বিকল্প কাঠের নির্মিত ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঁঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামাতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।
এসময় শিক্ষার্থী ও এলাকাবাসী অতি দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/ এমএস