প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুই মাস আগে তাকে প্রত্যাহার করা হয়েছিল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়—গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দফতরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।
সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ উঠে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এরপর ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে পদস্থ করার নির্দেশ দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ