প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি
দেশের উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে নামছে শীতের প্রভাব। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে। দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ থাকবে আংশিক মেঘলা।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে।
ঢাকা ও আশপাশের অঞ্চলেও থাকবে একই ধরনের আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৭৯ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, “উত্তরাঞ্চলে শীত পড়তে শুরু করেছে এবং ধীরে ধীরে সারা দেশে শীতের প্রকোপ বাড়বে। আপাতত আরও দুই-তিন দিন তাপমাত্রা কমতে পারে, এরপর তা কিছুটা বৃদ্ধি পেতে পারে।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ