| শিরোনাম: |

দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশন শেষে অবশেষে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।
অনশন ভাঙার পরপরই তাকে একটি অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে থাকা অনেকেই শহীদ হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, আর তারেক নিজেও নানা নির্যাতনের শিকার হয়েছেন।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তারা দল নিবন্ধনের আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ বিবেচনার পরও নিবন্ধন দেওয়া হয়নি। আজ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, আশা করছি তাদের আবেদন পুনর্বিবেচনা করা হবে। আমি তাকে অনশন ভাঙার অনুরোধ করি, এবং তিনি তা মেনে নিয়েছেন।”
প্রসঙ্গত, আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অনশন করছিলেন তারেক রহমান। অনশনকালীন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অনশন ভাঙানোর অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত সালাহউদ্দিন আহমদের কথাতেই তিনি অনশন ভাঙেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ