| শিরোনাম: |

প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে, তবে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৯ নভেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের নেতারা জানান, মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবস্থান কর্মসূচি চালু থাকবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমরা কর্মবিরতি স্থগিত করেছি, তবে আন্দোলন চলবে। আগামীকাল বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১) সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা,
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন,
৩) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ