প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম

সশস্ত্র বাহিনীর সদস্যদের তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনী যেভাবে আছে, সেভাবেই মাঠে থাকবে। ৫০ ভাগ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের লক্ষ্য নির্বাচন শৃঙ্খলাবদ্ধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কা নেই।
গত ৫ নভেম্বর এক ব্রিফিংয়ে সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘দীর্ঘ সময় বাইরে থাকায় সেনা সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।’
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণের সময় পুরো সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস