প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৮:৩৬ PM

মানিকগঞ্জ সদর উপজেলার চৌকিঘাট এলাকার খাল থেকে বিশালাকৃতির একটি কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাট এলাকায় ওই খালে বিশেষ ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা বন বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরী এবং এর আশেপাশের খালে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। তখন থেকেই আতঙ্কে ছিলেন লোকজন। নিজেদের গোসল করামহ গরু-ছাগল গোসল করাতে তারা আতঙ্কে থাকতেন। কুমিরটি ধরতে বহুবার চেষ্টা করেন এলাকাবাসী। অবশেষে শুক্রবার রাত ১০টার দিকে বিশেষ পন্থায় কুমিরটি ধরেন গ্রামবাসী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক লোকজন কুমিরটি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন।
স্থানীয়রা জানান, কুমিরটি ধরতে অনেকদিন থেকে চিন্তাভাবনা চলছিল। অবশেষে শুক্রবার সকালে রশি দিয়ে বিশেষভাবে তৈরি ফাঁদ পেতে তারা কুমিরটি ধরার চেষ্টা করে রাত ১০টার দিকে সফল হন।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উদ্ধার করা কুমিরটি মিঠা পানির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসার পর কুমিরটি হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস