প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তন করেছে।
শনিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪১তম রিজেন্ট বোর্ড সভায় ৩৬তম একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ অনুমোদনের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করে কিছু সংশোধন এনে তা চূড়ান্তভাবে অনুমোদন দেয়।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম রাখা হয়েছে ‘বনলতা হল’, শেখ রেহানা হলের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘অপরাজিতা হল’, শেখ রাসেল হলের নতুন নাম হয়েছে ‘শহীদ তিতুমীর হল’।
এছাড়া, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট-এর নাম পরিবর্তন করে হয়েছে ‘ইনস্টিটিউট অব এগ্রিকালচার’, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-এর নতুন নাম ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’, এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’।
একই সঙ্গে, শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম অনুমোদন করা হয়েছে ‘GSTU ম্যুরাল কমপ্লেক্স’।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর শিগগিরই এসব নতুন নাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় ব্যবহৃত হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে