প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন এ ঘটনায় বোটে থাকা অন্য ১২ জনকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চলচ্ছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঢাংমারীর একটি রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলি’-তে পরিবারসহ রাত্রিযাপন শেষে ১৩ জন পর্যটক ছোট বোটে করে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় বোটটি প্রচণ্ড ঢেউয়ের প্রভাবে উল্টে যায়।
সকল যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, আবার কয়েকজনকে আশপাশের টুরিস্ট বোট উদ্ধার করে। তবে নিখোঁজ হন রিয়ানা নামের এক নারী পর্যটক। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
নিখোঁজ রিয়ানার বাবা ও বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, “আমরা ঢাকার উত্তরাতে থাকি। আমাদের গ্রামের বাড়ি বরিশালে। পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। বোটটি জাহাজের ঢেউয়ের তোড়ে উল্টে যায়। ১৩ জনই নদীতে পড়ে গেলেও ১২ জনকে উদ্ধার করা গেছে, রিয়ানা এখনও নিখোঁজ।”
স্থানীয় বনবিভাগ ও এলাকাবাসী মিলে নিখোঁজ রিয়ানার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে